বাংলাদেশ বিশ্বদরবারে নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে- খোন্দকার আবু আশফাক

 নিজস্ব প্রতিবেদক:  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের চেহারা বদলে যাবে। মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ বিশ্বদরবারে নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে।

আজ রবিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ওয়ান ব্যাংক মোড়ে দোহার পৌর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এসব কথা বলেছেন।

খন্দকার আবু আশফাক উল্লেখ করেন, তৃণমূল উন্নয়নের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে উৎপাদনমুখী ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেছেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার আহ্বানে সাড়া দিয়েই সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তিনি সংবাদপত্র ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং একদলীয় শাসনব্যবস্থার সময় বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যম পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।’

আবু আশফাক আরও বলেছেন, ‘দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে জনগণের সমর্থন নিয়ে বিএনপি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেবে।’

পৌর বিএনপির সভাপতি এস এম আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পথচারী ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দুই দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। একই দিনে দোহার উপজেলার আটটি ইউনিয়নেও পৃথকভাবে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ওয়াহিদুর রহমান বাণী, আবুল হাশেম বেপারী, মনির হোসেন রানা, ফজলুল হক বেলায়েতী, সেন্টু ভূঁইয়া, জহিরুল ইসলাম, ইউনুস খান, মোয়াজ্জেম হোসেন, সোহানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *