স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি সমর্থকরাও ভাবেননি, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এতোটা দাপট দেখিয়ে খেলতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। যার সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই চলে আসবে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে অনেকটা হেসেখেলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। আজ (শুক্রবার) সন্ধ্যা ছয়টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচটি জিতলেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নেবে বাংলাদেশ।
নিজেদের সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দুইটিই জিতেছে টাইগাররা। দুইটিই জিম্বাবুয়ের বিপক্ষে। তবে গত মাসে জিম্বাবুয়ের কঠিন কন্ডিশনে ২-১ ব্যবধানে জিতে আসা সিরিজটি খাটো করে দেখার সুযোগ নেই মোটেও।
এবার অস্ট্রেলিয়াকে আর মাত্র একটি ম্যাচে হারাতে পারলেই মিলবে একাধিক ম্যাচের পঞ্চম সিরিজ জয়ের স্বাদ। এদিকে অস্ট্রেলিয়া নিজেরাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১-৪ ব্যবধানে হেরে এসেছে টি-টোয়েন্টি সিরিজ।
শুধু তাই নয়, এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছেও সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারতের সঙ্গে আবার নিজের ঘরের মাঠেই জিততে পারেনি তারা। সবমিলিয়ে শেষ চারটি সিরিজে হেরে কোণঠাসা অবস্থায় অসিরা। এবার টাইগারদের সামনে সুযোগ তাদেরকে টানা পঞ্চম সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দেয়ার।
