নারীকে ধাক্কা দেওয়ার ঘটনায় এন মল্লিকের সেই চালক ও হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

মঙ্গলবার (০৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান। আটককৃতরা হলেন- মো. সবুজ (২৫) ও মো. নাহিদ (১৯)। সবুজ ওই বাসটির চালক ও নাহিদ হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেলে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

চলন্ত বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রোববার (০৭ মার্চ) কেরাণীগঞ্জের রোহিতপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, সড়কটিতে চলাচলকারী এন মল্লিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে হঠাৎ করে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।
আশপাশের লোকজন আঘাতপ্রাপ্ত ওই নারীকে প্রাথমিকভাবে টেনে তুলে তাকে সুস্থ করার চেষ্টা করেন। আহত ওই নারী ইশারায় জানান তিনি কথা বলতে পারেন না। পরে তাঁর হাতে একটি কলম দেয়া দেয়া হলে পুরো ঘটনা লিখে জানান তিনি।
তিনি লিখে জানান, এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইছে, ভাড়া নাই, এন মল্লিক আমার থেকে কোনদিন ভাড়া নেয় না, ওরা ভাড়া চায়, দিতে না পারায় এমন ব্যবহার।

এ ঘটনার প্রতিবাদে সোমবার নবাবগঞ্জে মানববন্ধন করে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *