নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের একমাত্র পাকা সড়কে অবৈধ মাহেন্দ্র গাড়ী চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেল তেলেঙ্গা গ্রামের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনের সড়কে দাড়িয়ে এ মানববন্ধন করা হয়। এলাকাবাসী মানববন্ধনে জানান, কৈলাইলের মোল্লাকান্দা খালের মাটি অবৈধভাবে রাতের আধারে বিক্রি করছে ঐ এলাকার বাসিন্দা, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হক পিলু ও কৈলাইল গ্রামের তমিজদ্দিন। তারা তেলেঙ্গা ইটভাটায় মাটি দিতে গ্রামের একমাত্র পাকা সড়ক ব্যবহার করছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে মাটি ভর্তি মাহেন্দ্র চলাচলে বাধা দেয় এলাকাবাসী। এসময় জেরিন নামে দ্বশম শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে বের হওয়ার সময় পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা উঠিয়ে দিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাহেন্দ্র গাড়ীর চালক ও সহযোগীদের ধাওয়া করে গ্রাম ছাড়া করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকাবাসী থানায় লিখিত অভিযোগ করেছেন।
এঘটনার প্রতিবাদে বুধবার বিকালে দড়িকান্দা গ্রামের মাটি ব্যবসায়ী মইনুল হক পিলু, তমিজদ্দিন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী। এলাকার মুরব্বি তোতা মিয়া অভিযোগ করেন, মাটি সন্ত্রাসীরা আমাদের গ্রামের একমাত্র রাস্তা নষ্ট করে ফেলছে। বাধা দিলে সন্ত্রাসীরা আমাদের প্রাণে মারার হুমকি দেয়।
মো. মামুন জানান, এলাকার একমাত্র রাস্তাটির বেহাল দশার সৃষ্টি করেছে। তাদের বাধা দিলেও আমাদের ওপর হামলা করা হচ্ছে। তারা আইন মানে না। শাসন মানে না।
আহত জেরিনের মা বলেন, রাতে হৈ চৈ শুনে বাড়ি থেকে বের হলে মাটি ভর্তি দ্রুতগতির মাহেন্দ্র মেয়ের মায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে মারাত্মকভাবে আহত করে। জেরিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। সে কৈলাইল টেকনিক্যাল হাই স্কুলের দ্বশম শ্রেণির ছাত্রী। এবিষয়ে মইনুল হক পিলুর মুঠোফোনে একাধিক বার ফোন দিয়ে কথা বলা যায়নি।
