নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ নারী নিহত হয়েছে। নিহতরা হলেন, ময়না বেগম (৫০) রাহেলা বেগম (৪০) সুফিয়া (৩০) তারা সবাই একে অপরের আত্মীয়।
নিহতরা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গাঙ্গেরপাড় এলাকার বাসিন্দা।
সোমবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃধাকান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাবি ও ভাগ্নিকে নিয়ে ইজিবাইক নিয়ে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। মৃধাকান্দা মোড়ে আসলে নবাবগঞ্জ থেকে একটি বালুভর্তি ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
