নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় কৃষ্ণ হালদার (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকারীপাড়া-বারুয়াখালী আঞ্চলিক সড়কে ইটবাহী নছিমন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী কৃষ্ণ হালদার উপজেলার নতুন বান্দুরা হালদার পাড়া গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসফাক রাজীব হাসান জানান, বুধবার সন্ধ্যায় কৃষ্ণ নামের ওই ব্যক্তি বারুয়াখালী দিকে আসছিলেন। হঠাৎ একটি ইটবাহী নছিমন তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
