নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্যকর জীবনযাপন ও ভালো খাদ্যাভ্যাসের প্রয়োজনীয়তা সবার মাঝে পৌঁছে দিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ঢাকা জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজন করেন।
প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ ও ডা. ফাহিম আফরোজ।
উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র এডুকেশন অফিসার মো. মহসিন মিয়া, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রবিউল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান- আবেদ হোসেন, রিপন মোল্লা, তপন মোল্লা প্রমুখ।
