দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফারুক হোসেন (৪৭) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল এলাকার টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দোহার উপজেলার পালামগঞ্জ এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে।
নিহতের বড় ভাই আবু জাফর জানান, ফারুক পালামগঞ্জ বাজারে সবজির ব্যবসা করতেন। রবিবার ভোরে পাইকারি দামে সবজি কিনতে ফারুক আরো এক সবজি বিক্রেতার সঙ্গে অটোরিকশায় করে নবাবগঞ্জের চন্দ্রখোলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। যন্ত্রাইল টেকনিক্যাল কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশের খুঁটিতে ধাক্কা লাগলে ফারুক আঘাত পেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক সবজি ব্যবসায়ী ও অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। তাঁরা দুজনই গুরুতর আহত অবস্থায় ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে সকালে হাসপাতাল থেকে লাশ এনে জোহর নামাজের পর জানাজা শেষে পালামগঞ্জ কবরস্থানে ফারুকের লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
