নবাবগঞ্জে রাতের আধারে সীমানা প্রাচীর ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামের ভক্ত বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে এঘটনা ঘটে।

ভক্তবাড়ির মৃত হরিভক্ত দে’র ছোট ছেলে বিপ্লব কুমার দে অভিযোগ করে বলেন, তাদের পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত বাগান বাড়ি এটি। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বাড়ির পশ্চিম পাশ দিয়ে ১২০ ফুট লম্বা ও আড়াই ফুট উচ্চতার সীমানা প্রাচীর নির্মাণ কাজ শেষ করে রাজমিস্ত্রীরা বাড়ি চলে যায়। শুক্রবার সকালে গিয়ে দেখি নির্মিত প্রাচীর দূর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এতে করে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে শনিবার সকালে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করি।

এলাকাবাসী জানান, রাতের কোনো এক সময়ে ভক্তবাড়ির সীমানা প্রাচীর দুর্বৃত্তরা ভেঙ্গেছে। এরা খুব নিরীহ মানুষ। ভক্ত বাড়ির সীমানা প্রাচীর ভাঙলো কারা? তাদের কঠিন শাস্তি হওয়া দরকার।

নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যন্ত্রাইল ইউনিয়নের বাসিন্দা মো. নুরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি দুঃখজনক।

যন্ত্রাইল ইউপি সদস্য পবিত্র সরকার বলেন, এবিষয়ে গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় একজন বিশেষ লোক আমাকে ফোন করেছিল। তিনি অভিযোগ করেছিলেন- ‘রাস্তা দখল করে প্রাচীর তোলা হচ্ছে’। তাই ঘটনাস্থলে চৌকিদার পাঠানো হয়েছিল।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. রফিক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্তে ঘটনাস্থলে পুলিশ যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *