নবাবগঞ্জে ভিড় কমাতে কাঁচা ও মাছ বাজার স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন প্রচার-প্রচারণাসহ জেল-জরিমানা করেও হাটবাজারে গণজমায়েত বন্ধ করতে পারছেন না। নানা অজুহাতে মানুষজন ছুটে যাচ্ছেন হাটবাজারে। এ অবস্থায় নবাবগঞ্জ কাঁচা ও মাছের বাজার সরিয়ে সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে। গত রোববার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু ও নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজুর বাজার পরির্দশন করে এই সিদ্ধান্ত নেন। সোমবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয় এবং নিয়ম মাফিক দূরুত্ব বজায় রেখে মানুষ বাজার সদাই করেন।
বাজারের ব্যবসায়ী জসিম বলেন, সকাল থেকেই মানুষের যত কাজ মনে হয় বাজারে । বিশেষ করে নবাবগঞ্জ বাজার-বাসস্ট্যান্ড প্রধান সড়ক থেকে কাঁচাবাজারে ঢোকার পথে বাঁধা না পাওয়ায় সবাই রিকশা-ভ্যান ও মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন। বেলা বাড়ার সঙ্গে মানুষের ভিড়ও বাড়ে। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, রোববার নবাবগঞ্জ বাজারের সাপ্তাহিক হাটের দিন ছিল। এ কারণে সকাল থেকে দূরদুরান্তের মানুষ হাটে, বাজারে আসতে থাকেন। বাড়তে থাকে ভিড়। এ অবস্থায় কারও পক্ষে সামাজিক দূরুত্ব মানার উপায় ছিল না। বাজারের পরিস্থিতি জানার পর উপজেলা প্রশাসন ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান দ্রুত বিষয়টি নজরদারিতে আনেন এবং সোমবার থেকে বাজার স্থানান্তর করে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসানোর সিদ্ধান্ত নেন।
জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দিন মনজুর বলেন, দিন-দিন করোনাভাইরাসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপরও মানুষ মধ্যে যদি সচেতন না হয়। তাহলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। বাজারে মানুষের গণজমায়েত বন্ধ করতে সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচা ও মাছের বাজার সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল থেকে দুুপুর পর্যন্ত সেখানে বাজার বসবে।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাছির উদ্দিন আহম্মেদ ঝিলু বলেন, গতকালের নির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী বাজার বসানো হয়েছে। করোনা ভাইরাস বিস্তার রোধে বিক্রেতাদের দশ ফুট দূরত্বে দোকান বসানোর দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। তা না হলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভম হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *