নবাবগ‌ঞ্জে বিপুল পরিমান মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
মাদকমুক্ত উপজেলা হিসেবে ২০২১ সালে ঘোষণা করা হয় ঢাকার নবাবগঞ্জ উপজেলাকে। সেই মাদক মুক্ত উপজেলা থেকে বিপুল পরিমান মাদকসহ মো. আজাদ (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার রাতে তাকে নবাবগঞ্জ উপজেলার দীঘিরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করে পরের দিন মঙ্গলবার বিকেলে আজাদকে স্থানীয় নবাবগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, ঢাকার শহরসহ নবাবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন যাবত আজাদ মাদক ব্যবসা করে আসছেন।

পরে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩১৬০পিস ইয়াবা ও ১৩৫ গ্রাম হেরোইন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা বলেও জানান র‌্যাব।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, র‌্যাব-১০ আজাদকে মাদকসহ থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আজাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। নবাবগঞ্জ থানার ওসি মাদক মুক্ত উপজেলার বিষয়ে বলেন, নবাবগঞ্জ উপজেলাকে যখন মাদক মুক্ত ঘোষণা করা হয় তখন আমি এই থানায় ছিলাম না। তাই এবিষয়ে আমি কিছু বলতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *