নাজমুল হোসেন অন্তর : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের একটি অভিসপ্ত বাংলা মদের গ্রামের নাম রুপার চর। এই এলাকার এমন কোন ঘর নেই যেখানে বাংলা মদ তৈরি করা হয় না। এক কথায় বাংলা মদের অপর নাম রূপার চর। আজ বুধবার বিকালে এই এলাকার মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য মাদকের কুফল এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে জনসচেতনতামূলক সভা আয়োজন হয়। প্রায় পাচ শতাধিক নারীর উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
এসময় তিনি বলেন, আমি এই গ্রামে ২য় বারের মত আসলাম। তবে এই গ্রামটি আমার কাছে অবাক করেছে। এই আধুনিক যুগেও এই গ্রামে আধুনিকতার কোন ছোয়া তো দূরের কথা, মৌলিক ছোয়াই নেই, কোন স্কুল নেই, গভীর নলকূপ নেই। তিনি আরোও বলেন, সব চেয়ে অবাক করার বিষয় এই গ্রামের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দূরের কথা, বিয়েই দিতে পারছেন না। এর একমাত্র কারণ মাদক ব্যবসা। তিনি আরোও বলেন, মাদকের কুফল সম্পর্কে আপনারা সবাই জানেন। তাই আপনাদের অনুরোধ করবো এখনো সময় আছে এই পথ থেকে সরে আসুন, আপনাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন। জানা যায় রুপার চর এলাকাটি ঢাকার নবাবগঞ্জ উপজেলা এবং মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী দূর্গম এলাকা যা মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। জনসচেতনতামূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সহকারী কমিশনার ভূমি আসিফ রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হরগোবিন্দ সরকার অনুপ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, তথ্য আপা তাবাসসুম উলফাত, শোল্লা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ।
জানাযায় তথ্য আপার সহযোগিতায় রুপার চরকে মাদকের ছোবল থেকে মুক্ত করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা এবং এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করে সামগ্রিক জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
