ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের বসত ঘরের দেয়াল ভেঙ্গে ঘরের মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটানো হয় বলে জানা যায়। এসময় প্রবাসীর পরিবার ঘরে ছিলেন না।
সোমবার (১৭ আগস্ট) বিকালে নবাবগঞ্জ প্রেস ক্লাবে এসে প্রবাসী ও তার স্ত্রী অভিযোগ করেন, বাড়ির পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দুই ভাইয়ের নির্মিত পাকা ঘরে বাস করছিলেন। পারিবারিক দ্বন্দ্ব দেখা দিলে সামাজিক মিমাংসায় ঘরের মাঝে দেয়াল দিয়ে ভাগ করে দেয়া হয়। বড় ভাই আমিনুল ইসলাম লাবু ঘরের দক্ষিণ দিকের অংশে ও ছোট ভাই জহিরুল ইসলামের পরিবার উত্তর দিকের অংশে বাস করছিলেন। বড় ভাইয়ের পরিবারের যাতায়াত নিয়ে ফের বিরোধ সৃষ্টি হয়।
প্রবাসী জহিরুল ইসলাম গত ঈদুল আযহার পরদিন থেকে শ্বশুড় বাড়িতে ছিলেন । গত রোববার দিবাগত রাতে ঘর খালি ছিল। এ সুযোগে বড় ভাই আমিনুল ইসলাম লাবু, দুই ছেলে, স্ত্রী, শ্যালকসহ অজ্ঞাত ৫/৬জন মিলে ঘরের মাঝের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেন। পরে ঘরে থাকা বিদেশী কাপড়, মোবাইল ফোন, নগদ দেড় লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রবাসী জহিরুল ইসলামের বড় ভাই আমিনুল ইসলাম লাবু মুঠোফোনে বলেন, মা-বোন দায়িত্ব নিয়েছিলেন, তারা সমাধান করেনি। দেয়াল ভেঙ্গেছি কিন্তু লুটপাট করিনি।
নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কানন সরকার বলেন, মৌখিক অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
