নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ৩ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে উপজেলার বাগমারা বাজারের কামাল হোসেন (৪০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে অপহরণ করে ৩ লাখ টাকাসহ ৪টি মোবাইল সেট ও ১টি স্বর্ণের আংটি ছিনতাই করার ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাজারের ইউসিসি এজেন্ট ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কামাল বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কামাল হোসেন অভিযোগ করে বলেন, প্রতিদিনের মত আমি আমার মোবাইলের দোকান বন্ধ করে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলাম। ইউসিসি এজেন্ট ব্যাংকের সামনে পৌছলে পেছন থেকে অচেনা এক লোক পুলিশ পরিচয় দিয়ে বলে তোর নামে থানায় অস্ত্র মামলা আছে বলে জোড় করে একটি প্রবক্স গাড়িতে তোলে নেয় এবং আমাকে এলোপাথারী মারধর করে। গাড়ির ভিতরে থাকা আরও চারজন আমার হাত মুখ বেধেঁ ফেলে এবং আমার কাছে থাকা নগদ ১ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং রিচার্জ সিমে থাকা আরও দের লাখ টাকাসহ ৪টি মোবইিল সেট ও আমার হাতে থাকা একটি স্বর্ণের আংটি ছিনতাই করে নেয়।
তিনি আরও বলেন, পরে আমাকে গাজিপুর গার্লস ক্লাবের সামনে একটি নির্জন স্থানে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। আমি খুব কস্টে বাড়িতে ফিরে এসে বৃহস্পতিবার দুপুরে বণিক সমিতির নেতাদের সাথে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *