নবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম এলাকায় দুই পরিবারের মধ্যে মারামরির ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার পাড়াগ্রাম এলাকার শাহাদাত হোসেনের ৪ বছরের মেয়ে ছাফা ও প্রতিবেশি জাহাঙ্গীর আলমের ৫ বছরের মেয়ে ফাহমিদার সাথে ঝগড়া হয়। একপর্যায়ে ঝগড়া গড়ার বড়দের মধ্যে। দুইপক্ষের কথাকাটির একপর্যায়ে উভয়পক্ষ লাঠিশোঠা নিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে মোঃ শাহাদাত , শাহাদাতের মা শাহেনা বেগম ও জাহাঙ্গীর আলমের স্ত্রী ফারজানা আহত হয়। গুরুত্বর আহত শাহেনা বেগমকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোববার শাহেনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।

আহত শাহাদাত ও ফারজানা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার শাহাদাত হোসেন নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রীতম দে জানান, শাহেনা বেগমের পায়ে মারাত্মক ধরনের আঘাত লেগেছে , তার পায়ের হাড় ভেঙ্গে গেছে। কোমরেও সামান্য চোট আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পাড়াগ্রাম পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ জাফর জানান, ঈদের আগের দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *