নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাকলী আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর মরদেহ উদ্ধার করেছে নববাবগঞ্জ থানা পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বক্তানগর গ্রামে গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বক্তানগর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক কলহ চলাকালে গৃহবধূ কাকলী আক্তার অসুস্থ্য হয়ে পড়লে তাকে তার শ্বশুর বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। গভীর রাতে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান এবং ঢাকায় নেয়ার পথেই গৃহবধূর মৃত্য হয়।
এরপর পারিবারিক লোকজন তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। স্থানীয়রা মৃত্যুর বিষয় রহস্যজনক মনে করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে রোববার দুপুরে নবাবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। থানায় আইনগত প্রক্রিয়া চলমান এবং মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।
