নবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মোট আক্রান্ত ১৬

নিজস্ব প্রতিবেদক: লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে নতুন করে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা। নমুনার সংখ্যা যতই বাড়ানো হচ্ছে, রোগী শনাক্তের হারও প্রতিযোগিতামূলকভাবে বেড়েই চলেছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার দিবাগত রাতে পরীক্ষার ফলাফল পেয়ে তারা ওই তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ডাঃ অনুপ জানান, আক্রান্ত তিনজনই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা। এরা সম্প্রতি রাজধানী ঢাকা থেকে ফিরেছেন। রাতে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই তিন রোগী শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। তিনজন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা ভালো।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডাঃ অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *