নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নতুন বান্দুরার মোকলেস (৫৬) এবং বারুয়াখালির বাসিন্দা রাধেশ্যাম সরকার (৫৬) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে। এদিকে, নবাবগঞ্জে নতুন করে আরও ১৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে।
জানা যায়, মোকলেস ও রাধেশ্যাম দুজনই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আক্রান্ত দুইজনের মধ্যে মোকলেসের অবস্থার অবনতি হলে তাকে সাতদিন আগে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি মিলেনিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। অন্যদিকে ওই দিনই রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে মারা যায় রাধেশ্যাম।
