নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোজের ৬ দিন পর ডোবা কচুরিপানার মধ্য থেকে শহিদুল (২১) নামে এক অটো রিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়িয়ালবিল শংকরখালী এলাকার রাস্তার পাশে কুচুরিপানার মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। অটো রিকসা চালক শহিদুল শংকরখালী এলাকার চুন্নু বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে পথচারীরা রাস্তার পাশে ডোবা কুচুরিপানার ভিতরে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হয় শহিদুলের গলায় গামছা পেঁিচয়ে শ্বাসরোধ এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে ব্যাটারি চালিত অটো রিকসা নিয়ে যায়। গত ৩ মে শনিবার শহিদুল নিখোঁজ হন। নিখোঁজের দিন খোঁজাখুঁজির পর তুলসীখালি ব্রীজের কাছে লুটে নেয়া অটোরিক্সাটি রেখে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।
শহিদুলের মা বলেন, আমার ছেলে ৩ মে বাড়ি থেকে রিকসা নিয়ে বের হলে রাতে বাড়ি না আসলে আমরা অনেক খোজাঁখুজি করি। এসময় আমার ছেলের মোবাইল বন্ধ পাই। এরপর থেকে সে ৬দিন ধরে নিখোঁজ। আজকে খবর পেয়ে দেখি আমার ছেলেকে খুন করে তার অটোরিকসা নিয়ে পালিয়েছে। আমি আমার ছেলের খুনির উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ সনাক্ত করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটো রিকসা ছিনতাই করে নিয়ে গামছা দিয়ে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
