নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব কৈলাইল গ্রামের প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 প‌রিবার সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত তিনটার দিকে প্রতিবেশিরা ঘরের ভিতর থেকে আগুনের ফুলকি বের হতে দেখে ছুটে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আইয়ুব আলীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার পরিবারের সদস্যরা তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন। ভোর রাতে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ২৭ বন্দের একটি চৌ-চালা টিনকাঠের ঘর ও ঘরে থাকা ফ্রিজ, আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ জানান, তিনি খবর পেয়ে ক্ষতিগ্রস্ত আইয়ুব আলীর বাড়িতে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যানকে দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে বলায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *