নবাবগঞ্জের পশ্চিম সমসাবাদে সড়ক দেবে যাওয়ায় দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের পশ্চিম সমসাবাদ এলাকার ৪নং ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ দেবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গান্ধীর মাঠ থেকে শুরু হওয়া সড়কের এই অংশটি ক্ষতিগ্রস্ত থাকায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির মাঝখানে বড় ধরনের গর্ত ও দেবে যাওয়া অংশ তৈরি হয়েছে, ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যার ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

এছাড়া, স্থানীয় আর্শেদ বাবুর্চির বাড়ির সামনে রাস্তার মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি স্থাপিত থাকায় চলাচলে অতিরিক্ত বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা দ্রুত খুঁটিটি স্থানান্তরের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ৪নং ওয়ার্ডের সদস্য সাহের উদ্দিন এবং কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত সড়ক সংস্কার এবং বৈদ্যুতিক খুঁটি অপসারণ বা স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের আশা, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে তাদের দুর্ভোগ লাঘব হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *