নবাবগঞ্জে চাল ডিলারদের লাইসেন্স বাতিলের হুশিয়ারি

মো. নাজমুল হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যবান্ধব কর্মসূচির  ১০ টাকা কেজি দরে চাল নিয়ে চালবাজির অভিযোগ পাওয়া গিয়েছে । এতে নড়ে চড়ে বসেছে উপজেলা প্রশাসন।

চালবাজিসহ নানা অভিযোগ পেয়ে আজ রবিবার  সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চাল ডিলারদের সাথে এক জরুরি বৈঠক করেছে উপজেলা প্রশাসন । উপজেলা পরিষদ কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

জরুরি এ বৈঠকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু নববাংলাকে  জানান, আমরা ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের চাল ডিলারদের নামে নানা অভিযোগ পেয়েছি। ওজনে কম দেওয়া, অতিরিক্ত টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে তাদের নামে। তিনি জানান, ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সাথে কথা বলে সমস্ত ডিলারদের লাস্ট ওয়ার্নিং দিয়ে সাবধান করা হয়েছে। সেই সাথে পরবর্তী সময়ে যদি  কোনো ডিলারের নামে অভিযোগ পাওয়া যায় এবং অভিযোগের যদি সত্যতা মিলে আমরা কাউকে ক্ষমা করবো না। সে যেই হোক, সাথে সাথে তার লাইসেন্স বাতিল করা হবে। সেই সাথে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *