নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার বটিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী ওরফে শেখ ইয়ানুছের মেয়ে কল্পনা। লেবাননে সন্তান প্রসবের সময় নবজাতকসহ মারা যায় কল্পনা। মৃত্যুর পর তার মরদেহ দেশে আনতে না পারায় আকুতি ছিলো তার মা ময়না বেগমের। এমন হৃদয়বিদারক ঘটনার সংবাদ পেয়ে উপজেলার বটিয়া গ্রামে ছুটে যায় নববাংলা পরিবার। ‘লেবাননে প্রসবকালে নবজাতকসহ দোহারের নারী কর্মীর মৃত্যু’ শিরোনামে নববাংলা অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। একটি এনজিও সংস্থার সহযোগিতায় এবং সরকারি উদ্যোগে কল্পনার মৃতদেহটি দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আগামীকাল শুক্রবার সকালে কল্পনার মৃতদেহ বাংলাদেশে আসবে বলে জানিয়েছে তার পরিবার। এমন খবরে নববাংলা ও সরকারের বৈদেশিক মন্ত্রনালয়ের সকলকে ধন্যবাদ জানিয়েছেন কল্পনার পরিবার ও তাদের প্রতিবেশীরা।
উল্লেখ্য, গত দেড় বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার মহন নামে এক ছেলেকে ভালোবেসে বিয়ে করে কল্পনা। লেবাননের সাঈদা জেলার শেরাফন এলাকায় বসবাস করতেন ওই দম্পতি। এরই মধ্যে কল্পনার গর্ভে আসে সন্তান। গত বছর নভেম্বর মাসে স্বামী ছুটিতে চলে আসেন দেশে। পরে ৫ ডিসেম্বর প্রসব বেদনায় সাঈদা জেলার সাইরান হাসপাতালে ভর্তি হন কল্পনা। পরের দিন কল্পনা একটি মৃত সন্তান জন্ম দেন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। কল্পনার মরদেহ রাখা হয়েছিলো হাসপাতালটির হিমঘরে। মৃত্যুর প্রায় দুই মাস পর দেশে ফিরে আসছে কল্পনার মৃতদেহ।
