কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার মেঘুলা পদ্মা নদীর তীরবর্তী এলাকায় খাবার হোটেলের মালিক আল আমিনের বিরুদ্ধে শিশুশ্রম ও নির্যাতনের সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২৩ জুন) দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আল আমিনকে জিজ্ঞাসাবাদের আটক করেন দোহার থানার এসআই শেখ নাসির উদ্দিন। এসময় নিজের ভুল বুঝতে পেরে শিশু সায়মনকে পরম মমতায় বুকে তুলে নেয় ও তার পরিবারের কাছে ক্ষমা চান আল আমিন। পাশাপাশি নিজের ছেলের মত করে সায়মনের পাশে থাকার অঙ্গিকার করেন তিনি।
উল্লেখ্য, গত ২১ জুন রাতে তুচ্ছ কারণে শিশু সায়মনের উপরে নির্যাতন করে হোটেল মালিক আল আমিন। এ নিয়ে একটি প্রতিবেদন করা হলে থানা পুলিশের নজরে আসে। পরে দ্রুত পুলিশ প্রশাসনের পদক্ষেপের জন্য দোহার থানা পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন নববাংলাকে বলেন, প্রতিটি মানবিক ক্ষেত্রে পুলিশ কাজ করছে। শিশু বাচ্চাটির ঘটনা নববাংলার মাধ্যমে জানতে পেরে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিককে আটক করি। পরে শিশু সায়মনের উপস্থিতিতে সকলের কাছে ক্ষমা চায় আল আমিন। তিনি আরো বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যত তাই শিশুদের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে তাদের বেড়ে উঠতে দিতে হবে তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে।
