নতুন আইজিপি বেনজীর, র‌্যাবের নেতৃত্বে মামুন

নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে চার বছর এলিট ফোর্স র‌্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশের মহা-পরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার। সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বুধবার এই আদেশ জারি করে। সেখানে বলা হয়, নতুন আইজিপি ও র‌্যাব মহাপরিচালকের দায়িত্বের মেয়াদ শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।

এতদিন অতিরিক্ত মহা-পরিদর্শক পদে থাকা বেনজীর নতুন দায়িত্বে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

২৫ মাস ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ এপ্রিল, যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত।

২০১৫ সালের ৭ জানুয়ারি র‌্যাবের মহা পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি।

গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার।

র‌্যাবের শীর্ষ পদে বেনজীরের উত্তরসূরি অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর।

সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *