নওগাঁয় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা: স্বামী আটক

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাল্যবিবাহের শিকার এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মো. জাকারিয়ার মেয়ে ও তিলনী সরলী গ্রামের সাহেব আলীর স্ত্রী। এবিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে ঘাতক স্বামীকে পুলিশ আটক করেছে।

জানা গেছে আজ থেকে প্রায় তিন বছর পূর্বে উপজেলার তিলনী সরলী গ্রামের বজলুর রহমানের ছেলে সাহেব আলীর সাথে পাশ্ববর্তী উত্তর পাতাড়ী গ্রামের জাকারিয়ার নাবালক মেয়ে তাজরিমিন (১৩) বর্তমান (১৬) এর বিবাহ হয়। বিয়ের পর পরই তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জম্ম হয়। পরবর্তীতে অপ্রাপ্ত বয়সে সন্তান জম্ম দেয়ার কারণে মেয়ের শরীর স্বাস্থ্য ভেঙ্গে যায়, ফলে স্বামী সাহেব আলীর সাথে স্ত্রী তাজরিমিনের প্রায় মনমালিন্য লেগেই থাকে। প্রায় ৪ মাস আগে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল বিবাদের সৃষ্টি হলে স্ত্রী তাজরিমিন রাগ করে বাবার বাড়ী চলে যায়।

এমতাবস্থায় স্বামী সাহেব আলী গত ১জুলাই নিজের ভুল স্বীকার করে স্ত্রীকে নিজ গৃহে ফিরে নিয়ে আসে। এর পর পরই ৩/৪দিনের মাথায় গতকাল রবিবার বিকেলে আবারো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে পাষান্ড স্বামী সাহেব আলী স্ত্রী তাজরিমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পরিকল্পিতভাবে শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।

এর পর গ্রাম পুলিশ মারফত সংবাদ পেয়ে পুলিশ রাতে ঘটনা স্থলে গিয়ে নিহত তাজরিমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর পর গতরাতেই নিহত তাজরিমিনের বাবা বাদী হয়ে সাপাহার থানায় মেয়ে হত্যার বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করলে আজ সোমবার(৬ জুলাই) ভোরে পুলিশ সাহেব আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী সাহেব আলীকে আটক করে।

এবিষয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *