নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বুধবার (৮ জুলাই) রাতে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুইট হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে নওগাঁ জেলার চৌমাসিয়া (নওহাটা) মোড় থেকে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গ্রেফতার করা হয়। আটককৃত সুইট হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় যে, রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফরিদ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নওহাটা মোড়ে সুইটকে আটকিয়ে তার মোটর সাইকেল সার্চ করেন। এসময় তার মোটর সাইকেলের সিটের নিচে থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট বের হয়। সেখানে উপস্থিত প্রায় শতাধিক জনতার সামনে ট্যাবলেটগুলো গুনে ৪৪ পিস হয়। তারপর সুইটকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবক সুইটকে নওহাটা মোড়ে জনতার সামনে থেকে ৪৪ পিস ইয়াবাসহ ফাঁড়ী পুলিশ গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে।
