দোহার উপজেলা যুবলীগের সভাপতির নামে গ্রেফতারী পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় চেক জালিয়াতি (সিআর) মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত  যুবলীগের সভাপতি মুহা. আলমাছ উদ্দিনের (৪৫) নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে ঢাকা সদর কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও সাজা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকরা হাতে পেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা’র করা একটি মামলার তার সাজা হয়।
সাজাপ্রাপ্ত আসামি আলমাছ দোহার উপজেলার যুবলীগের সভাপতি ও উপজেলার জয়পাড়া গ্রামের ইউনুছ মোল্লার ছেলে। মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সাজার নথি থেকে জানা যায়, আলমাছের বিরুদ্ধে The Negotiable Instruments Act, ১৮৮১ এর ১৩৮ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তিন মাসের সশ্রম কারাদন্ড ও দ্বিগুণ জরিমানা প্রদান করেন ঢাকার ৬ষ্ঠ আদালতের অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা। আসামি হাজতবাসে থাকলে তা The Code of Criminal Procedure ১৮৯৮ এর ৩৫ এ ধারার বিধান মোতাবেক তা কারাদন্ডের মেয়াদ থেকে কর্তন করা হবে।

গ্রেফতারী পরোয়ানার নথি থেকে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি আলমাছ পলাতক থাকায় এ মাসের ৫ তারিখে কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।

এ বিষয়ে জানতে দোহার উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
মামলার বাদী দোহার উপজেলা বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা মুঠোফোনে জানান, আলমাছ উদ্দিন আমার কাছ থেকে টাকা কর্জ হিসেবে ঋণ নিয়েছিল। তারিখটা ঠিক মনে নেই। তা শোধ করেনি। তিনটি চেক দিয়েছিল আমাকে। তিনটিরই মামলা হয়েছে। এরমধ্যে দুটো মামলায় সাজা হয়েছিল। একটি বহাল আছে, একটিতে উচ্চ আদালতে আপিল করেছে। আরও একটি চলমান রয়েছে।

ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন দরানি জানান, বিষয়টি আমাদের জানা নেই। তাই খোঁজ নিয়ে দেখতে হবে। যুবলীগে অপরাধীদের কোনো জায়গা নেই। আলমাছের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেলে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, একটি সিআর মামলায় উপজেলা যুবলীগের সভাপতি আলমাছের নামে গ্রেফতারী পরোয়ানার নথি আমরা পেয়েছি। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *