নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারের হলের বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ছাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা নবাবগঞ্জ উপজেলার মুসলেমহাটি এলাকার গবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হলের বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সাহেরা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বিকেল ৫ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর তার কোনো পরিচয় না পেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধার ছবি পোস্ট করে পরিচয় জানার চেষ্টা করা হয়। সন্ধ্যার দিকে নিহতের পরিবার ও আত্মীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।
এরপর দোহার থানা পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় নিহতের লাশ হস্তান্তর করা হয়। নিহত সাহেরা বেগম মানষিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা।
