নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। আমরা এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করি।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এফ ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবং দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী প্রমুখ।
