দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কিশোরের ৭ দিনপর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত স্বাধীন (১৮) সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বাধীন দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার হোটেল ব্যবসায়ী শুকুর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন দোহার উপজেলার পোদ্দাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বাধীন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্বাধীনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে লটাখোলা এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *