নাজনীন শিকদার, ঢাকার দোহার উপজেলায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতারসহ স্বর্ণালংকার উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
গ্রেফতারকৃতরা হলো- দোহার উপজেলার এমদাদুল হক (২৮), আবুল বেপারী (২৫), মো. রাজন শিকদার (২৫), শেখ ফারুক (৩০), শ্রীনগর উপজেলার সুমন রাজবংশী (৩৫), শহিদুল (৫১) ও লৌহজংয়ের রবিউল শেখ (২৬)।
প্রেস রিলিজে জানা যায়, গত ১৪ জুলাই দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আবুল খালাসি) এর বাড়িতে এক ডাকাতির ঘটনা ঘটে। রাত প্রায় সাড়ে ৩টার দিকে ৭-৮ জন ডাকাত আবুল খালাসির বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দোহার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে পুলিশের একটি বিশেষ টিম ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেন।
পুলিশের অভিযান থেকে উদ্ধার করা হয় প্রায় ১ ভরি স্বর্ণালংকার, যার মধ্যে রয়েছে একটি স্বর্ণের কানের দুল এবং একটি স্বর্ণের চেইন।
গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ১৪ জুলাইয়ের ডাকাতি ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে প্রেরণ করেছে।
