নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় তিন মাদকসেবীকে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার চর কুসুমহাটি গ্রামের মৃত শাহাজউদ্দীন মোল্লার ছেলে আলমাছ মোল্লা (৫০), জয়পাড়া এলাকার আব্দুল গফফার এর ছেলে মাহবুব (৪০), উপজেলার দেবিনগর গ্রামের মো. কাঞ্চন মিয়ার ছেলে চাঁন মিয়া (৪০)।
জানা যায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কবির হোসেনের নেতৃত্বে দোহার থানা পুলিশ উপজেলার জয়পাড়া রতন চত্বর এলাকায় বাসস্টান্ড হতে চাঁন মিয়া এবং মাহবুবকে গাড়ির ভেতরে গাঁজা বানানোর সময় আটক করে এবং চর কুসুমহাটি হতে আলমাছ মোল্লাকে আটক করে।
পরে আটককৃতদের দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত আলমাছকে নগদ ৫ হাজার টাকা এবং মাহবুবকে নগদ ৫ শত টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় আটক করা চাঁন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ শত টাকা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মাদকদ্রব্য সেবন, পরিবহন, বিক্রয়, সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
