নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিরোধকৃত জমির গাছ কাটাকে কেন্দ্র করে মো. রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার মুকুসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রেজাউল করিম মইতপাড়া গ্রামের লাবু মিয়ার ছেলে। এ ঘটনায় সাতজনকে আসামি করে দোহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, সাতভিটা গ্রামের মো. রহিম জমাদ্দার (৬৫), মো. ইস্রাফিল (৪০), মো. ইউনুস (৩৮) এছাক (৩৬), বিপ্লব (৩৫), উত্তর শিমুলিয়া গ্রামের রাসেল (৩৬) ও মইতপাড়া গ্রামের আলমগীর ভূইয়াসহ আরও ৬/৭ নামা উল্লেখ মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার মৌড়া এলাকায় পৈতৃক সম্পত্তিতে বিক্রয়কৃত গাছ কাটা দেখার জন্য জমিতে গেলে উল্লেখিত আসামিরা মো. রেজাউল করিমকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। এসময় মো. রেজাউল করিমের ডাক চিৎকারে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে । আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
