দোহারে বাল্যবিবাহের অপরাধে বরের বাবাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে বাল্যবিবাহ দেয়ার আপরাধে বরের বাবা মো. মোশারফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকার মোশারফ হোসেন এর ছেলে সিয়াম আহমেদ (২১) এর সাথে পাশের এলাকা শিলাকোঠা গ্রামের বাহারুল ইসলাম নুরু’র ১৩ বছরের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মনিকা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৪ দিন পূর্বে ছেলে ও মেয়ে পালিয়ে যায়। পরে বরের বাবা মোশারফ হোসেন মেয়ের পরিবারকে না জানিয়ে তাদের বিয়ে দেন।

খবর পেয়ে বুধবার সকালে বর ও কনের বাবাকে হাজির করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। বাল্যবিবাহ ও এই কাজে সহায়তা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর (৮) ধারায় বরের বাবা মোশারফ হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, খবর পেয়ে আমরা বর ও কনের দুই পরিবারকে হাজির করি। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে একজনকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, সরকারি আইন ভঙ্গ করে কেই যদি এই ধরনের অপরাধ করে থাকে তাহলে বাল্যবিবাহের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রশাসন এবিষয়ে নজরদারি রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *