নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট, জয়পাড়া বাজার, থানার মোড় ও পালামগঞ্জ বাজারে মঙ্গলবার ভোর ৬টায় অভিযান পরিচালনা করে ১শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় জাটকা ইলিশ বিক্রি ও পরিবহনের দায়ে দুইজনকে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় দশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগীতা করেন দোহার থানা ও নৌপুলিশ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত ১ নভেম্বর হতে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা,পরিবহন ও বিক্রি দন্ডনীয় অপরাধ। কেউ যদি নিশেধাজ্ঞা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
