ঢাকার দোহার উপজেলার ধীৎপুরে একই পরিবারের ৫ জনকে আগুন দিয়ে হত্যাচেষ্টার মামলায় জড়িত আল-আমিন (৩০) নামক আরো ১ জন আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (জানুয়ারি ২৯) সকালে দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দোহার উপজেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আল-আমিন মো. দেলোয়ার হোসেনের ছেলে। আল-আমিনের স্থায়ী ঠিকানা দিনাজপুরের বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকায়। সে বর্তমানে দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া তালপট্টি এলাকায় বসবাস করত।
প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে চাঞ্চল্যকর এ ঘটনায় প্রধান আসামি আশ্রিত রুবেল দীর্ঘদিন আশ্রয়দাতা জুলহাসের বাড়ি বসবাস করার পর তার চলাফেরা সন্দেহজন দেখে তাকে বাড়ি থেকে চলে যেতে বলায় আশ্রয়দাতা জুলহাসের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রুবেল। একপর্যায় রুবেল জুলহাসকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর গত ১৬ জানুয়ারি মাঝরাতে মূল পরিকল্পনাকারী রুবেল তার সহযোগী রানাসহ অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে জুলহাস ও তার পরিবারের সবাইকে বাড়ির বাহির হতে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরে ১৯ জানুয়ারি এ ঘটণার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী মো. রুবেল ও তার প্রধান সহযোগী মো. রানা মাহমুদকে গ্রেফতার করে র্যাব-১০।
