নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় দুধে পানি মিশিয়ে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার নারিশা ও মেঘুলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পানি মিশানো দুধ নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। অভিযানে দুধে পানি মেশানোর বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেনসহ দোহার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বাজারে দুধে পানি মেশানোর মতো অনিয়ম বন্ধে নিয়মিত তদারকি ও অভিযান প্রয়োজন। এতে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম জানান, ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল বা অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
