দোহারে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকার দোহার উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হৃদ-লহরী মিলনায়তনে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. বিপ্লব হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশাররফ হোসেন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো করার সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *