মো.কামরুল ইসলামঃ ঢাকার দোহার উপজেলায় কীটনাশক প্রয়োগ করে উন্নতমানের নেপিয়ার ঘাস নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত রোববার কীটনাশক প্রয়োগ করে জমির ফসল নষ্ট করেছে বলে অভিযোগ করেন বর্গাচাষী ফয়জল মোল্লা। এবিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার নারিশা পশ্চিম চর পূর্ব পাড়া গ্রামে একটি জমিতে খেলাধুলাকে কেন্দ্র করে গত দুইমাস আগে স্থানীয় ছেলেদের সাথে পার্শ্ববর্তী গ্রামের সংঘর্ষ হয় এবং দু’পক্ষের তিনজন আহত হয়। এরূপ সংঘর্ষের পুনরাবৃত্তি না হওয়ার লক্ষ্যে ব্যক্তিগত জমিতে খেলাধুলা বন্ধ রেখে জমিটিতে উন্নতজাতের নেপিয়ার ঘাস বপনের উদ্যোগ নেয় ফয়জল মোল্লা। ঈদের আগের দিন রাতের আধারে কীটনাশক প্রয়োগ করে খেতে সকল ঘাস নষ্ট ও উঠিয়ে ফেলেছে।
কে বা কারা জমির ফসল নষ্ট করেছে এবিষয়ে তা না জানলেও সুষ্ঠ বিচার দাবি করছেন স্থানীয় এলাকাবাসী।
বর্গাচাষী ফয়জল মোল্লা নববাংলাকে জানান, আমি বেশ খাটনি আর অর্থ ব্যয় করে নেপিয়ার ঘাস বপন করেছিলাম। এমন কাজ করায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মনোবল হারিয়েছি। এবং যারা এই কাজটা করেছে তাদের ধরে প্রশাসনের কাছে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানাচ্ছি।
এবিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম নববাংলাকে জানান, আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের খোঁজার লক্ষ্যে তদন্ত চলছে। অতি শীঘ্রই আমরা তাদেরকে খুঁজে বের করে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।
