দোহারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ শে ফেব্রুয়ারি ) দুপুরে জয়পাড়া বড় মাঠে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

এ সময় সালমান এফ রহমান বলেন, স্বাধীনতা আন্দোলনের প্রথম অংশ ছিল ভাষা আন্দোলন। ১৯৫২ সালের আন্দোলনের পর জাতির পিতা লক্ষ্য করলেন আন্দোলন ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। তখন থেকে তিনি স্বাধীনতার প্রস্তুতি নিতে শুরু করলেন। ৭১ সালে গিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সফলতা পেলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল দেশটাকে সোনার বাংলা করার। আজকে তার সুযোগ্য কন্যার অক্লান্ত পরিশ্রমে দেশ আর্ন্তজাতিকভাবে উন্নয়নের রোল মডেল স্বীকৃতি পেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমরা দেশে স্বাধীনতার সফলতা ভোগ করছি। তিনি আরো বলেন,নতুন সরকার গঠনের পর এবার একনেক বৈঠকে ঢাকা জেলার রাস্তার উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে তার মধ্যে দোহার নবাবগঞ্জের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামীতে দোহার নবাবগঞ্জে কোন কাঁচা রাস্তা থাকবে না। এ বিষয়ে এলজিইডি কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সাথে আমি উন্নয়নের পরিকল্পনা নিয়ে বৈঠক করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন, বেক্সিমকো গ্রুপের পরিচালক সায়ান এফ রহমান, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শেখ আনার কলি পুতুল, দোহার পৌর মেয়র মো.আলমাছ উদ্দিন,দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, এএসপি আশরাফুল আলম, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খানসহ আরো অনেকে। এর আগে সকালে জয়পাড়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্তার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *