দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নেওয়ার অপরাধে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার দুপুরে উপজেলার নিকড়া চক এলাকায় কৃষিজমি ধ্বংসকারী চক্রের সফিকুল হক নামে এক সদস্যকে এই দ- প্রদান করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিকড়ার বিভিন্ন চকের কৃষিজমি থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে জমির উবর্বতা কমার পাশাপাশি পাশের জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে ছিল। নিকড়া চক এলাকায় এস্কাভেটর ( ভেকু) দিয়ে মাটি কেটে অন্যত্র পরিবহনের খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ- এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মাটি কাটার সাথে জড়িত সফিকুল হককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত করে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি (টপ সয়েল) বিক্রি বা উত্তোলন করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় অভিযানে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা ও থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *