দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি শুক্রবার (২৯ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

নবনিযুক্ত উপকমিটির নেতৃবৃন্দকে দলের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা অনিয়মে জড়িত থাকবে, তাদের বাদ দিতে হবে। ফ্রি স্টাইলে কোনো কিছুই করা যাবে না।

তিনি একজন ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবে না বলেও জানান। আগে যদি কোনো সহযোগী বা অন্য কোনো কমিটিতে নাম থাকে, তাহলে পদত্যাগ করে আসতে হবে।

৭৫ পরবর্তী সময়ে নারীবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর ভূমিকা নিয়েছেন এবং আওয়ামী লীগে তাদের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেয়েছে বলেও জানান।

ওবায়দুল কাদের দেশের উন্নয়নে সকল নারীবান্ধব কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কঠোর হুঁশিয়ার করে আবারও বলেন, যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং এখনো মাঠে আসে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, বিদ্রোহীদের যারা মদত অথবা উসকানি দিচ্ছেন তাদেরও একই শাস্তি পেতে হবে। ওবায়দুল কাদের এসব বিদ্রোহী ও উসকানিদাতাদের অনতিবিলম্ব সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে বলেন, না হয় দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে মহিলা উপকমিটির নেতৃবৃন্দ ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *