দক্ষিণ কেরানীগঞ্জে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মো. আরমানকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বাসা তল্লাশি করে ১৩ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ইম্পিরিয়াল হুইস্কি ও ২০ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় বিপজ্জনক দেশীয় অস্ত্র। এর মধ্যে রয়েছে ২টি রামদা, ১টি কাঁচি, ২টি চপাতি, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি লোহার রড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আরমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *