তিন শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ (৫৭) নামে এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার সাহা। এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) আশুলিয়ার উত্তর মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার রাতে (০৮ অক্টোবর) অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীরা হেলাল উদ্দিন শেখের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, জমজ মেয়েকে নিয়ে আশুলিয়ার উত্তর মোল্লাপাড়ায় একটি বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো বাবা-মা। গত ৬ অক্টোবর সন্তানদের বাসায় রেখে তারা কর্মস্থলে যায়। হেলাল উদ্দিন নানা প্রলোভন দেখিয়ে জমজ দুই বোনসহ পার্শ্ববর্তী আরো এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বাবা-মা কাজ থেকে বাসায় ফিরে এলে তাদের কাছে ঘটনা খুলে বলে ভুক্তভোগীরা। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে নানা চাপ আসে ভুক্তভোগী পরিবারের উপর।

পুলিশ আরও জানায়, এ ঘটনার দুই দিন অতিবাহিত হলে কোনো এক সচেতন এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে ঘটনা খুলে বলে। পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার বলেন, শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুদের বাবা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *