খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা বাসনভাঙ্গা চরে বসবাসরত কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাসনভাঙ্গা চরের কৃষকরা দীর্ঘদিন ধরে নিজেদের দখলীয় জমিতে আলু, মরিচ, রসুনসহ বিভিন্ন রবিশস্য চাষ করে আসছেন। রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ তালুকদারের নেতৃত্বে ৬০-৭০ জনের একটি সশস্ত্র দল চরে প্রবেশ করে ফসলের জমিতে লাল পতাকা টাঙিয়ে দখলের চেষ্টা চালায়। এতে কৃষকরা বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে কোস্টগার্ড ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে রয়েছেন—সবুজ মাঝি (৬৫), নিরব (৪৫), মো. রাসেল (১৫), শারমিন (৩০), সিরাজ (৪৫), মামুন (৪০), ফয়সাল (২৭), নরনবী (৪৫), জান্নাত (২৮)সহ আরও কয়েকজন। এদের মধ্যে সবুজ মাঝি, নিরব ও মো. রাসেল বর্তমানে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতালের বেডে শুয়ে আহত নিরব অভিযোগ করে বলেন, “চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের নির্দেশে সবুজ তালুকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা চরে এসে আমাদের ফসলি জমি দখলের চেষ্টা করে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমিসহ ১৪ জন আহত হয়েছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
এ বিষয়ে অভিযুক্ত সবুজ তালুকদারের ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। অপর অভিযুক্ত ইব্রাহিম হাওলাদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ হাওলাদার বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা অপরাধীদের কোনো জায়গা নেই। সবুজ তালুকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
