ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি ও কমিটির সদস্যদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, দোহার: ঢাকার দোহার উপজেলার ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি এস এম ফয়সাল আহমাদ ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম শাইখ আব্দুল লতিফ মুন্সি (রহ.)-এর সুযোগ্য সন্তান নবনির্বাচিত সভাপতি এস এম ফয়সাল আহমাদ এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনার জবাবে সভাপতি এস এম ফয়সাল আহমাদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড; আর শিক্ষক শিক্ষার মেরুদণ্ড।” জাতি গঠনের কারিগর শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা ম্যানেজিং কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে চলতি বছরের অবশিষ্ট তিন মাসকে ফলপ্রসূভাবে কাজে লাগাতে একটি কার্যকর একাডেমিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতি আরও বলেন, শিশু শ্রেণিতে কাঙ্ক্ষিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করার পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি অর্জনের লক্ষ্যে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ শুরু করতে হবে। বাছাইকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বেসিক ক্লাসের পাশাপাশি ‘স্মার্ট হ্যান্ডরাইটিং’-এর ওপর ইন্টেনসিভ কেয়ার দেওয়ার মাধ্যমে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদ্যালয়কে একটি আদর্শ ও ফলপ্রসূ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নবনির্বাচিত সভাপতির পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতি এস এম ফয়সাল আহমাদ সংবর্ধনা আয়োজনের জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *