ঢাকা জেলা আ’লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বেনজির আহমেদকে সভাপতি এবং পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে সোয়া দুইটার দিকে এ সম্মেলন শুরু হয়ে শেষ হয় বিকেল সোয়া ৫টার দিকে।

ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ বক্তা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর সম্মেলনের সভাপতিত্ব করেন বেনজীর আহমদ। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

 

এতে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা জানেন রংপুরে একটি সমাবেশ হচ্ছে। সেখানে তিনদিন আগে থেকে লোকজন নিয়ে গিয়ে স্টেজে শুয়ে আছেন, মাঠে শুয়ে আছেন, রাস্তায় শুয়ে আছেন। আর টাকার বস্তার ওপর শুয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের নামে টাকা আসছে, আর তারা টাকার ওপর শুয়ে আছেন।

 

তিনি বলেন, বিএনপির সম্মেলনে ক’জন লোক হয়েছে তা আমরা দেখেছি। আজকে শুধুমাত্র ঢাকা জেলা আওয়ামী লীগের এই সন্মেলনে কত লোকজন হয়েছে তা আপনারা দেখে যান। এখানে আমাদের নেত্রী নেই। তারপরও কত লোক হয়েছে।

কাদের বলেন, শেখ হাসিনার চেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। গত ৪৭ বছরে দেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নামও শেখ হাসিনা।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি নাকি মন্ত্রী পরিষদ গঠন করেছে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এটা কীভাবে করলো আমার জানা নেই। বিএনপি যতই লাফালাফি করুক তাদের সঙ্গে জনগণ নেই। আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষ আছে। তাই দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে চললে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারবো।’

কামাল বলেন, ‘ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এখন সারাবিশ্বে জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্য বেড়েছে। বাংলাদেশেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার ইউক্রেনে যুদ্ধের কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আশা করি আগামী ডিসেম্বর মাসে এ সংকট চলে যাবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী  ডা. দীপু মনি বলেন, ‘এ দেশের মানুষ শান্তি চায় শিশুরাও শান্তি চায়, সেই পথেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে একটা বৈশ্বিক সংকট দেখা দিয়েছে। সারাবিশ্বে একটা অস্থিরতা চলছে। এখন সারাবিশ্বের মানুষ আর্থিক সংকটে আছে সেই তুলনায় বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে। তারপর মানুষ কষ্ট হচ্ছে আমরা জানি এ কষ্ট সাময়িক, তাই সাময়িক কষ্ট সকল মিলে মোকাবিলা করতে হবে।’

সবশেষে মঞ্চে দাঁড়িয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে নাম ঘোষণা করে সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *