টকশোতে পলাতক আসামির সঙ্গে আইনজীবী : ৭১ টিভিকে সতর্ক করে রুল নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বক্তব্য প্রচারের বিষয়ে একাত্তর টিভিকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন।

আদালত বলেছেন, ‘৭১ টিভি এফিডেভিট দিয়ে বলেছে, পিকে হালদারের বক্তব্য অসৎ উদ্দেশ্য থেকে নয়, সরল বিশ্বাসে প্রচার করেছে। আদালতের মর্যাদাকে খাটো করে এমন উদ্দেশ্যে করা হয়নি। এছাড়া পলাতক আসামির বক্তব্য প্রচার করা যাবে না এমন কোনো আদেশও কোনো আদালতের ছিল না। ৭১ টিভির এই বক্তব্য গ্রহণ করে তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হলো। একইসঙ্গে বিচারাধীন মামলায় পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে হাইকোর্টের ইতোপূর্বে দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।’

রোববার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে বিষয়টি শুনানি হয়।

এদিন পিকে হালদারের সঙ্গে টকশোতে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খানকে ডাকার বিষয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। এ বিষয়ে আদালত বলেছেন, ‘পৃথিবীর কোথায় আছে যে আসামির সঙ্গে আইনজীবীকে টকশোতে ডাকে?’

আদালতে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রব্বানী দীপা ও আন্না খানম কলি।

আর পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারফ হোসেন। এছাড়াও শুনানিতে যুক্ত হন আইনজীবী আজিজ। ৭১ টিভির পক্ষে শুনানি করেন মোহাম্মদ আশরাফ এবং আদালতের নির্দেশনায় মোহাম্মদ শিশির মনির যুক্ত হন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, পলাতক পিকে হালদারের বক্তব্য নিয়ে নিউজ ও টকশো ‘একাত্তর জার্নাল’-এ প্রচার করায় বেসরকারি ৭১ টিভিকে সতর্ক করেছেন হাইকোর্ট। দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে সকালে সাক্ষাৎকার ও লাইভ টকশোতে পিকের বক্তব্য প্রচারের ব্যাখ্যার বিষয়ে কথা বলতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর কর্তৃপক্ষের কয়েকজন সাংবাদিক হাইকোর্টে উপস্থিত ছিলেন।

গত ২৮ ডিসেম্বর রাত ১০টায় একাত্তর টিভিতে পিকে হালদারের সাক্ষাৎকার-ভিত্তিক প্রতিবেদন প্রচারিত হয়। সেদিন রাত সাড়ে ১১টায় একাত্তর জার্নালে (লাইভ টকশো) সরাসরি আলোচনায় অংশ নেন তিনি। বিষয়টি আদালত অবমাননার শামিল উল্লেখ করে দুদক হাইকোর্টে আবেদন করে।

শুনানি নিয়ে ৩০ ডিসেম্বর একাত্তর টিভিতে প্রচারিত ওই সাক্ষাৎকার ও টকশোর ভিডিও ক্লিপ ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় একাত্তর টিভি কর্তৃপক্ষ ভিডিও ক্লিপ জমা দেয়।

২০২০ সালের ১৮ নভেম্বর ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশ পায়। এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন আমলে নিয়ে ওই বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

একইসঙ্গে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও গ্রেফতারে পদক্ষেপ বিষয়ে লিখিতভাবে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের জানাতে বলেন। এ অবস্থায় পিকে হালদারের সাক্ষাৎকার প্রচারিত হলে দুদক একাত্তর টিভির বক্তব্য জানতে আবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *