জুলাই-সনদ পাশ করার দায়িত্ব সরকারের- গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,জুলাই সনদ পাশ করানোর দায়িত্ব সরকারের। তবে সংবিধানকে লংঘন করে নয়। বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। সরকারের পক্ষ থেকে অনেক জাঁকজমক ভাবে জুলাই সনদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখা গেল জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করার পরে কিছু বিষয়ে পরিবর্তন করা হয়েছে। জামায়াতে ইসলামও জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে তারা কিভাবে নতুন করে সরকারের কাছে এখন ৮দফা দাবি তোলে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জুলাই সনদ পাস করানোর জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হল। কিন্তু কিভাবে তিনি জুলাই সনদ পাস করানোর জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেন এটাই জাতির প্রশ্ন।

অন্তর্বর্তী কালীন সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ও রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি এখন ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পারিপার্শ্বিক বিভিন্ন ষড়যন্ত্র দেখে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের জিনজিরায় উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঢাকা- ৩ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পাওয়ার পরে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমার রাজনীতির ৪৭ বছরে আমি দলের সাথে বেইমানি করিনি বলেই আমি বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র প্রবীণ নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন, বদিউজ্জামান বাবুল,এডভোকেট সুলতান নাসের, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু,ওমর শাহানেওয়াজ, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান সফু,বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান,তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল্লাহ সামু ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *